মানুষের দোর গোড়ায় পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা : শিল্পমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৯:৩৭
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু  দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ শুরু করেন। প্রত্যন্ত  অঞ্চলের মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি ও স্বাস্থ্য সহকারীর পদ তৈরি করেন। কিন্তু মাত্র কয়েক বছর পরেই তাকে হত্যার পরে সে কার্যক্রম স্থবির হয়ে পরে।
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর সিটি কলেজ প্রাঙ্গণে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মো. জিয়াউল হাসান কাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ড. বিনয় কৃষ্ণ বিশ্বাস, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ.এফ.এম শফিউদ্দিন। মো. জুবায়ের হোসেনের পরিচালনায় সভায় মূল বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. বশির।