ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার ২২তম দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় সকাল থেকেই লোকসমাগম বেশি। দুপুর গড়িয়ে বিকেল হলে শেরেবাংলা নগর জুড়ে বাণিজ্য মেলাগামী জনস্রোত লক্ষ্য করা গেছে। মানুষের ভিড় ছিল বিজয় সরণি, সংসদ ভবন এলাকাতেও। মেলায় এসেছেন বিভিন্ন বয়সের দর্শনার্থী ও ক্রেতা।
মেলা ফেরত লোকদের হাতে সবচেয়ে বেশি দেখা গেছে বিভিন্ন গৃহস্থালী পণ্য। এর মধ্যে নানারকম প্লাস্টিকের সামগ্রী, প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরণের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক পণ্য।
মেলা প্রাঙ্গণ ঘুরে দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরে একবার বাণিজ্য মেলা হওয়ায়, কোম্পানিগুলো মেলাকে কেন্দ্র করে নতুন নতুন ডিজাইনের পণ্য নিয়ে আসে। যা বছরের অন্য সময়ে পাওয়া যায় না। এসব পণ্যের চাহিদাও বেশি। তাই স্টক শেষ হওয়ার আগেই কিনছেন আগত লোকজন।মেলায় বিভিন্ন গৃহস্থালী পণ্যের স্টল ও প্যাভিলিয়নে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে, মেলাকে কেন্দ্র করে পুরো শেরেবাংলা নগর ও এর আশপাশের রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিনই। শুক্রবারও এর ব্যতিক্রম ছিল না।
উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে ১ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
