গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, পথভ্রষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাহিনীর তদন্ত করে দেখা উচিত। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
শুক্রবার বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে পাকিস্তানি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। আমাদের কর্মীদের আহত করেছে। বিনা কারণে আমাদের কর্মীদের আটক করেছে। সরকারের নির্দেশ অনুযায়ী কোনো কর্মসূচিতে বাধা দেয়ার অধিকার অবশ্যই পুলিশের আছে, কিন্তু যেভাবে কিছু পুলিশ সদস্য শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা করেছে, ধাওয়া করেছে, তাতে বোঝা যায়, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।
ইমরান বলেন, একের পর এক পুলিশ বাহিনীর কিছু সদস্য নানাভাবে সাধারণ মানুষকে নিপীড়ন করছে। সিটি করপোরেশনের কর্মকর্তা বিকাশ সাহাকে নির্যাতন করেছে, ব্যাংকার রাব্বিকে নির্যাতন করেছে, তখন এ সবকে ধামাচাপা দেয়ার জন্য পুলিশ বাহিনীর কর্মকর্তারা নানারকম কথা বলছেন। তাদের এ জাতীয় বক্তব্য নিপীড়নকে আরো উস্কানি দিচ্ছে। এতে পুলিশ বাহিনীর কিছু সদস্য জনগণকে নিপীড়নে উৎসাহী হচ্ছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সঞ্জীবন সুদীপ, রিয়াজ সোহেল এবং ভাস্কর রাসা প্রমুখ ।
