বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) তত্ত্বাবধায়নে থাকা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ইজিসিবি কোম্পানীর ৩৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন বিদ্যুতকেন্দ্রের অফিসকক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১০ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের হাজীগঞ্জ, মন্ডলপাড়া, ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ির ৬টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে আগুন লাগার পরে নিরাপত্তার স্বার্থে ওই বিদ্যুতকেন্দ্রের প্রবেশ দ্বারটি বন্ধ করে রাখা হয়। ওই সময় সংবাদকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। আগুনে ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যালয়ে থাকা তামার তার, আসবাবপত্র ও কিছু মেশিনারিজ পুড়ে গেছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ওই কার্যালয়টি থাকায় দ্রুত আতংক ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দিনমনি সরমা জানান, নারায়ণগঞ্জ ও ঢাকার ৬টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি কারনে আগুন লেগেছে সেটা তাৎক্ষনিক জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অ্যান্ড ঢাকার সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, ধারণা করা হচ্ছে কম্পিউটার কিংবা আইপিস থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে সেটা প্রাথমিক ধারণা। আমরা তদন্ত করে দেখছি। আগুন এখন নিয়ন্ত্রনে আছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান, রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
