চোখে মুখে কোনো অস্বস্তির ছাপ নেই। নিজের জীবনমূলক বই 'দ্য আলস্যুটেবল বয়' নিয়ে প্রায় ৪০ মিনিট খোলাখুলি আলোচনা করলেন পরিচালক করণ জোহর। জানালেন, ‘ছোটবেলায় আমার মধ্যে মেয়েলি স্বভাব প্রকট ছিলো। কেউ জানে না, আমি সিনেমার গানের সঙ্গে লুকিয়ে লুকিয়ে নাচতাম।’
লেখিকা শোভা দে’র সঞ্চালনায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'দ্য আলস্যুটেবল বয়' এর লেখিকা পুনম সাক্সেনা।
করণ বলেন, ‘আমি শ্রীদেবী এবং জয়া প্রদাকে অনুকরণ করে নাচতাম। যখন বাড়িতে অতিথি আসত, তখন বাবা আমায় ডাফলিওয়ালে গানের সঙ্গে নাচ দেখাতে বলতেন। আমি ডাফলি পাশে রেখে ভাবতাম আমি জয়াপ্রদা। তারপর তাকে নকল করে নাচতাম।
অনুষ্ঠানের শুরুতে কোনো প্রশ্ন ছুঁড়ে না দিয়ে করণকে খোলা মনে যা ইচ্ছে হয় তাই বলতে অনুরোধ করেন শোভা দে। এতে দক্ষিণ মুম্বাইয়ে একাকী শৈশব কাটানো, পরিবারে দুঃসময় থেকে শুরু করে বলিউড ছবিতে সমকামিতা ইত্যাদি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন করণ।
