অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ

শান্তর শতকে বাংলাদেশের সংগ্রহ ২৮৪

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৩:৩৬
নাজমুল হাসান শান্তর শতকের উপর ভর করে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে  টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৮৪ রান করেছে বাংলাদেশ। জবাবে ৮ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৭ রান করেছে জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তরুণ টাইগাররা।
 
শুরুতে সাইফ হোসেনের উইকেট হারালেও পিনাক ঘোষ ও জয়রাজ শেখের মধ্যে ৬২ রানের জুটিতে ভালো শুরু করে বাংলাদেশ। ২৬ রান করে  দলীয় ৭১ রানে জয়রাজ ফিরে গেলে উইকেটে আসেন নাজমুল হাসান শান্ত। দলীয় ৯০ রানে দলের তৃতীয় উইকেট হিসেবে পিনাক ঘোষ ৫৫ বলে ৩৩ রান করে ফিরে যান। এরপর উইকেটে আসা অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ে তুলেন শান্ত। ৮০ রানের জুটি জিম্বাবুয়ের আইভেসের বলে ভাঙ্গে, ৪৬ বলে ৩৩ রান করে আউট হন মেহেদি। এ
 
এরপর আর তেমন কোনো জুটি গড়ে ওঠেনি। নিয়মিত উইকেট হারালেও একদিকে চালিয়ে খেলতে থাকেন শান্ত। দলীয় ২৫৫ রানে পাঁচটি চার ও একটি ছক্কায় ১০৩ বলে ১০২ রান করে ষষ্ঠ উইকেট হিসেবে মাশিঙ্গের করা ৪৭ তম ওভারের শেষ বলে ক্যাচআউট হন তিনি। শেষ তিন ওভারে ২৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশি তরুণেরা। জিম্বাবুয়ের মাশিঙ্গে পাঁচ উইকেট নিলেও রান দিয়েছেন ৬৭।