গয়েশ্বরের নামে ‘ভুয়া’ ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৬:১৬
 
নিজের নামে খোলা ‘ভুয়া’ ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে থানায় সাধারণ ডায়রি করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
 
গয়েশ্বর চন্দ্র বলেন, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র আমার নামে খোলা ফেসবুক ব্যবহার করে, আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছে চাঁদা চেয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। গত বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এই বিষয়ে জিডি করা হয়েছে।
 
তিনি বলেন, জনৈক এক ব্যক্তি বাংলাদেশের ০১৮৭৮৪২০৬৪৪ ও ০১৭২৩০২০০৬৬ নম্বর থেকে জাপানপ্রবাসী আকবর হোসনের ০০৮১৭০৬৫১২১০০৫ নম্বরে ফোন করে আমার নাম বলে টাকা দাবি করে। ব্রিটেনে নিউ ক্যাসলে বসবাসকারী ফজলুর রহমানের (০০৪৪৭৮০৮১৭৯৫৮) কাছ থেকেও আমার নাম বলে টাকা চায়। চক্রটি ফেইসবুকের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে ০১৮৭৮৪২০৬৪৪ ও ০১৭২৩০২০০৬৬ নম্বরে ফোন করতে বলে। পরে আকবর ও ফজলুর তাকে ঘটনা জানালে প্রতারণার বিষয়টি ধরা পড়ে বলে জানান তিনি।
 
তিনি বলেন, শুক্রবার বিকাল পাঁচটার দিকে কুয়েতে বসবাসরত জনাব মহিমের মোবাইলে (০০৯৬৫৬৬১৩৭৯৯৩) বাংলাদেশ থেকে ০১৭১১৯০০০৮ নম্বরে দিয়ে ফোন করে গয়েশ্বর চন্দ্র রায় পরিচয় দিয়ে ০১৭১৭৪০৪৩৬৬ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়।
 
বিএনপির এই নেতা বলেন, প্রতারক চক্রটি কত টাকা নিয়েছে, এটা এখনো আমি জানি না। তবে এখনো তারা বোধহয় টাকা নেয়ার সুযোগ পায়নি।
 
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা সুলায়মান হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।