তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোন জঙ্গিবাদকে দেশের মাটিতে প্রশ্রয় দেয়া হবে না। শনিবার বগুড়া জিলা স্কুল মাঠে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
জুনায়েদ আহমেদ পলক বলেন, ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় যারা মানুষ পুড়িয়েছে, বগুড়া জ্বালিয়ে দিয়েছে এমন কর্মকান্ড ভবিষ্যতে আর যাতে না ঘটতে পারে সেজন্য বগুড়াকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নাগরিক জীবনের নিরাপত্তা বিধান করা হবে।
তিনি বলেন, ১৯৯২ সালে দেশ বিনা খরচে সাবমেরিন কেবলের সাথে সংযুক্তির সুবিধা পেতে যাচ্ছিল। তথ্য পাচার হচ্ছে এমন অজুহাতে তত্কালীন প্রধানমন্ত্রী সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হতে দেয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।
