অনলাইনে কোর্স করে ফ্রিল্যান্সার হওয়ার সুযোগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৬:৩৬
বাংলাদেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে প্রায় দুই বছর ধরে কাজ করছে আইটি প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৫০০ ফ্রিল্যান্সার তৈরি করেছে। দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে গতানুগতিক ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের সুবিধার্থে সম্প্রতি অনলাইনে ক্লাস ও ভিডিও কোর্স চালু করেছে প্রতিষ্ঠানটি।
 
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ ইন্টারনেটের মাধ্যমে কোডারসট্রাস্টের অনলাইন কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন। প্রতিষ্ঠানটির ভার্চুয়াল ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে অনলাইনে ক্লাস করলেও শিক্ষার্থীরা ক্লাসরুসের মতোই মজা পান। কোডারসট্রাস্টের যে কোন প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা পরীক্ষামূলকভাবে বিনামূল্যে অনলাইনে নির্দিষ্ট কোর্সে অংশ নিতে পারবেন।
 
কোডারসট্রাস্টের প্রতিষ্ঠাতা ফার্দিনান্দ বলেন, ফ্রিল্যান্সারদের যেহেতু অনলাইনে কাজ করতে হয়। তাই তারা যদি  প্রশিক্ষণটাও অনলাইনে নিয়ে থাকে তাহলে সেটি হবে তাদের জন্য অনেক লাভজনক। অনলাইনে প্রশিক্ষণ নেয়ার সময়ই তারা কাজের ধরণ বুঝতে পারবে এবং এটি তাদের দক্ষ ফ্রিল্যান্সার হতে সাহায্য করবে।
 
কোডারসট্রাস্টের হেড অব অপারেশন শাকিল মাহমুদ বলেন, আর্থিকভাবে অসচ্ছলদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য|বর্তমানে আমরা কড়াইল বস্তিতে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি। ভবিষ্যতে আমাদের এ বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচির পরিধি আরো বাড়বে।