বিতর্কিত মন্তব্য করে বারবার সমালোচনার মুখে পড়লেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকানদের মধ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপে ৪০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে ট্রাম্প এগিয়ে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬৮২ জনের মধ্যে চালানো এক জরিপে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ পেয়েছেন ১০ দশমিক ৫ শতাংশ। বেন কার্সনের ৯ দশমিক ৭ এবং ফ্লোরিডার সাবেক গভর্নর পেয়েছেন ৯ দশমিক ২ শতাংশ ভোট। তালিকার তলানিতে রয়েছে ফ্লোরিডার সাবেক সিনেটর রুবিও। তিনি পেয়েছেন ৭ দশমিক ২ শতাংশ ভোট।
তবে দুই দলের বিবেচনায় এগিয়ে আছেন ডেমোক্রেটিক পদপ্রার্থী হিলারি ক্লিনটন। তিনি পেয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট।
নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই রিপাবলিকান প্রার্থীদের মধ্যে এগিয়ে ছিলেন ট্রাম্প। শুক্রবার রয়টার্স এর করা আরেক পরিসংখ্যানে দেখা যায়, মার্কিনীরা এখন আগের মতো অর্থনৈতিক বিষয়ে চিন্তিত নয়। তারা এখন সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন। নভেম্বরে প্যারিসে আইএস এর হামলার পরই এ অবস্থার তৈরি হয়েছে।
এক্ষেত্রে জরিপ চালানো হয় ১ হাজার ৬১৪ জন মার্কিনীর উপর যার মধ্যে ২০ দশমিক ৩ শতাংশই সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে ১৮ দশমিক ২ শতাংশ মার্কিনী অর্থনৈতিক বিষয় নিয়ে উদ্বিগ্ন। সূত্র: রয়টার্স
