বেসিসের কর্মশালায় বক্তারা

গেম ডেভেলপমেন্টে দেশে কর্মসংস্থানের সুযোগ হবে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৮:১৮
বর্তমানে বিশ্বব্যাপী গেমের বাজার ১১০ বিলিয়ন ডলারেরও বেশি। বিশাল এই বাজারে প্রবেশের জন্য গত কয়েক বছর ধরে বাংলাদেশি কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সাড়া জাগানো গেমও তৈরি হয়েছে। সামান্য হলেও বাংলাদেশি কিছু গেম অ্যাপস্টোরগুলোতে বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যেই বাংলাদেশি গেমের কয়েক মিলিয়ন ডাউনলোডের রেকর্ড রয়েছে।
 
সম্ভাবনাময় এই বাজারে বাংলাদেশের ভবিষৎ ও করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বিশেষ কর্মশালায় বক্তারা এ সব কথা বলেন।
 
শনিবার বেসিস অডিটোরিয়ামে ‘গেইমস ডেভেলপমেন্ট : অপরচুনিটি ফর ফিউচার বাংলাদেশ’শীর্ষক এই কর্মশালার সহযোগিতায় ছিল বেসিসের মোবাইল অ্যাপস, গেইমস অ্যান্ড ভাস সম্পর্কিত স্থায়ী কমিটি  ও  মোবাইল মানডে।
 
কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন ম্যাসিভস্টার স্টুডিও লিমিটেডের প্রধান নির্বাহী এসএম মাহাবুব আলম, ট্যাপস্টার ইন্টার অ্যাক্টিভ সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী একেএম মাসুদ ও স্কাই ট্যাপারের টেকনিক্যাল প্রধান শফিউর রহমান।
 
কর্মশালায় বক্তারা আরো বলেন, গেম ডেভেলপমেন্ট ও গেম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। এই খাতের উন্নয়নের মাধ্যমে আমাদের জনবল ও বেকার জনগোষ্ঠির প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে। শিক্ষার্থীরাও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় এই খাতে ক্যারিয়ার গড়তে পারবে। 
 
কর্মশালায় বাংলাদেশের গেম ডেভেলপমেন্ট খাতের লক্ষ্য, বেসিক গেমিং, গেম ডেভেলপমেন্ট, অ্যানিমেশন, সাউন্ড ইফেক্ট, পোস্ট ইফেক্টসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। এর মাধ্যমে কর্মশালায় শতাধিক অংশগ্রহণকারীরা গেম সম্পর্কে প্রাথমিক ধারণা, আইডিয়া তৈরি থেকে এর ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা পান।