ভালোবাসায় সিক্ত নায়করাজ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৮:৩৪
বাংলাদেশের চলচ্চিত্রের মুকুটহীন রাজা- নায়করাজ রাজ্জাক। ষাটের দশকের মাঝামাঝি থেকে শুরু...এরপর নিরন্তর বয়ে চলা। কিংবদন্তি এই অভিনেতার আজ ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছিল ৩ দিনের ভিন্নমাত্রার অনুষ্ঠানের। দেড়ঘণ্ঠাব্যাপি সরাসরি চলমান  তারকাকথন অনুষ্ঠানে রাজ্জাকের অংশগ্রহণ যোগ করেছে ভিন্নমাত্রা। যেখানে প্রধানমন্ত্রী ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। 
 
চ্যানেল আইয়ের দিনব্যপী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে অংশ নিয়েছেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়িকা সুজাতা, চিত্রনায়ক ফারুক, অরুণা বিশ্বাস, ফেরদৌস, রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট, নায়করাজের নাতনি আরিশা, সাংবাদিক রাফি হোসাইন, অনুরূপ আইচ, জাহিদ আকবর, আলী আফতাব, দাউদ হোসাইন রনি ও অভি মঈনুদ্দীন।
 
এ সময় ফুলের শুভেচ্ছা জানান চলচ্চিত্রের আর্কাইভ খ্যাত চ্যানেল আই’র অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপক শফিউজ্জামান খান লোদী ও পরিচালক শামীম আলম দীপেন। ভিডিও বার্তায় রাজ্জাককে শুভেচ্ছা জানান চিত্রনায়ক আলমগীর ও চিত্রনায়িকা ববিতা। এছাড়া দিনব্যাপি শুভানুধ্যায়ীদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেছেন উত্তরায় অবস্থিত রাজ-লক্ষী কমপ্লেক্সে রাজ্জাকের অফিসে বসে।