নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেবে। সে লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, গত ৪ দলীয় জোটের আমলে বিদ্যুৎ উৎপাদন হতো সাড়ে ৩ হাজার মেগাওয়াট। আর বর্তমানে উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। তারা কেবল বিদ্যুতের খাম্বা পুঁতেছে। বিদ্যুৎ দিতে পারেনি। তাও আবার খাম্বার হিসেব নেই।
শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈরের বাজিতপুরের চৌরাশি গ্রামে কোদালিয়া বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এবং বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, খালেদা জিয়ার চোখে ছানি পড়ায় তিনি দেশের কোন উন্নয়নই দেখেন না। তিনি লন্ডনে গিয়েছিলেন চোখের ছানি কাটতে। এখন চোখে না দেখার পাশাপাশি খালেদা জিয়া কানেও শোনেন না।
২০১৩-১৪ সালে বিএনপি ও জামায়াতের তাণ্ডব সম্পর্কে নৌমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস লালন করে শেখ হাসিনাকে উৎখাত করতে বিএনপি ও জামায়াত কোন চেষ্টাই বাকি রাখেনি। বাংলার জনগণ ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনাকে কেউ ক্ষমতাচুৎ করতে পারবে না।
মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মৌলবাদী চক্র যে তাণ্ডবলীলা চালিয়েছে তা মধ্যযুগীয় তাণ্ডবকেও হার মানিয়েছে। তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁ জাদুঘর, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ অফিস ও ব্যাংক এশিয়ায় অগ্নি সংযোগ ও ভাংচুর করেছে। এরা ইসলামের নামে অগ্নি সংযোগ, ভাংচুর করেছে।
