বেসরকারি হাসপাতাল নির্মিত হলে সাধারণ মানুষ সেবা পাবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৯:৫৩
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে হাসপাতাল নির্মিত হলে দেশের সাধারণ ও অসহায় মানুষেরা সহজেই সেবা পাবে।
 
শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জে জিঞ্জিরার কুশিয়ারবাগ এলাকায় এ্যারোস্ট্রো ফার্মা ওষুধ কোম্পানির নিজস্ব অর্থায়নে পরিচালিত ও নির্মিত আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে সারাদেশ বিদ্যুতায়ন করার জন্য আমি চ্যালেঞ্জ নিয়েছি। ২০১৮ সালের মধ্যেই সারাদেশ বিদ্যুতায়ন করবো। কলকারখানা ও মানুষের বাসাবাড়ি থেকে ফেলে দেয়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য শিগগিরই কেরানীগঞ্জে একটি পাওয়ার স্টেশন আমরা নির্মাণ করতে যাচ্ছি।
 
তিনি বলেন, কেরানীগঞ্জে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও একটি ভাল মানের কলেজ নির্মাণ করা হবে। ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালের দুই পাড় নির্মাণের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত চার বছরে কেরানীগঞ্জে ১শ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কেরানীগঞ্জ একটি মেগা সিটিতে পরিণত হবে।
 
এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যারোস্ট্রো ফার্মা ও আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান এম এ হাসানসহ কোম্পানির অন্যান্য পরিচালক ও কর্মকর্তারা।