‘সেদিনের নষ্ট সময় পার করে এখন ভালো সময়ে’

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২০:৩৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যেদিন বঙ্গবন্ধুকে ও শিশু রাসেলকে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুলকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে, সেদিন ছিল নষ্ট সময়। শেখ হাসিনার নেতৃত্বে এখন ভালো সময় এসেছে।’
 
শনিবার বিকালে ফেনীর ছাগলনাইয়া পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় বহিরাঙ্গন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘দেশ গণতন্ত্র ও সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধী, রাজাকার, স্বাধীনতাবিরোধী তালেবান, নারী উত্যক্তকারী ও আগুন সন্ত্রাসীদের বাংলাদেশে ঠাঁই হবেনা।’
 
উপজেলা নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে জাসদ নেত্রী শিরীন আখতার এমপি, বিটিভির উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকার, ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম, সিভিল সার্জন মো. ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বিশেষ অতিথি ছিলেন। এতে বাংলাদেশ টেলিভিশন ঢাকার অনুষ্ঠান অধ্যক্ষ এসএম নোমান হাসান খান স্বাগত বক্তব্য রাখেন।
 
এতে অন্যান্যের মধ্যে পৌর মেয়র মো. আলমগীর বিএ, জেলা শিক্ষা অফিসার আবদুল মালেক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ফেনী জেলা জাসদের সভাপতি ইঞ্জিনিয়ার সফি উদ্দিন আহমেদ বেলাল ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী আবদুল বারী বক্তব্য রাখেন।