মাঘের প্রথম বৃষ্টির পরই বুধবার রাত থেকে তাপমাত্রা নামছিলো। অতঃপর গত তিন দিনে সারাদেশে ঠান্ডার তীব্রতা ছড়াচ্ছে। কনকনে শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীত পড়ছে। অনেক এলাকায় দিনের বেলায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। ফেরি চলাচলেও বিঘ্ন ঘটছে।
IMG0
গত দুদিনে দু’একবার মাত্র সূর্য্যের দেখা মিলেছে। উত্তরবঙ্গে হিমশীতল বাতাসের ঝাপটার কারণে পারতপক্ষে মানূষ ঘর থেকে বের হচ্ছেন না। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া গরীব, দুঃস্থ ও অসহায়রা। শীতের প্রকোপে রোগ-বালাইয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বৃদ্ধ ও শিশুরা সর্দিজ্বর, ডায়েরিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে। ভোলার মনপুরা দ্বীপে গরম কাপড়ের অভাবে শীতে মৃত্যু হয়েছে দু’জনের। শনিবার প্রত্যূষে মৃত্যু হয়েছে হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরুল হক (৭৫) ও একই ওয়ার্ডের সেরাজল হক ওরফে সৃজন আলীর (৮০)।
