পিসি-ল্যাপটপকে টেক্কা দেবে ৮ জিবি র‍্যামের সিঙ্কফোন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ০৯:৪৫
প্রযুক্তিতে চলছে বাঁক বদলের খেলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফিচার যুক্ত হচ্ছে স্মার্টফোনে। কনফিগারেশন হচ্ছে উন্নত থেকে উন্নততর।
 
এরই ধারাবাহিকতায় র‍্যামের গতিও বাড়ছে। মেগাবাইট থেকে এখন গিগাবাইট (জিবি) গতিতে বাড়ছে র‍্যাম। এক বা দুই জিবি নয়, এখন পাওয়া যাচ্ছে ৪ জিবি র‍্যামের ফোন, শিগগিরই পাওয়া যাবে ৬ থেকে ৮ জিবি র‍্যামের ফোন।
 
৬ জিবি র‍্যামের ফোন আনার ঘোষণা দিয়ে রেখেছে সুইডেনের হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিমেটিয়াম। এবার ৮ জিবি র‍্যামের ফোন আনার ঘোষণা দিয়েছে গবেষণাকারী সংস্থা নার্ভ টেকনোলজি। কনফিগারেশনের দিক থেকে সিঙ্কফোন নামের এই ডিভাইস ব্যক্তিগত কম্পিউটারকে (পিসি) হার মানাবে। সূত্র- নিওউইন ডটনেট।
 
ফোনটি নিয়ে প্রচারণা শুরু করেছে নার্ভ টেকনোলজি। তাদের উদ্ভাবিত এই ডিভাইস ল্যাপটপ ও ট্যাবের চেয়ে ছোট হবে।
 
সিঙ্কফোনের ডিসপ্লে হবে ৫.৪ ইঞ্চির। এতে ৬৪-বিটের ইন্টেল প্রসেসর ব্যবহার করা হবে। ২, ৪ ও ৮ জিবি র‍্যামের তিনটি সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি। এর মধ্যে ২ জিবি সংস্করণে ৩২, ৪ জিবি সংস্করণে ৬৪ এবং ৮ জিবি সংস্করণে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকবে।
 
ডিভাইসটির ২ জিবি সংস্করণে ৮, ৪ জিবি সংস্করণে ১২ এবং ৮ জিবি সংস্করণে ২০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থাকবে।
 
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইস শিগগিরই বাজারে আসবে। ২ জিবি র‍্যাম সংস্করণের দাম হবে ২৮০ মার্কিন ডলার, ৪ জিবি র‍্যাম সংস্করণের দাম হবে ৩৯০ মার্কিন ডলার এবং ৮ জিবি র‍্যাম সংস্করণের দাম হবে ৭০০ মার্কিন ডলার।