সকাল থেকেই শুরু হয় সবার কর্মব্যস্ত দিন। কারো থাকে অফিসে যাওয়ার তাড়া, কারো থাকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো কাজে যাওয়ার তাড়া। কিন্তু সকালের ঘুমটা এতোটাই আরামের যে, অ্যালার্মেও অনেক সময় কাজ হয় না। ফলে অবধারিতভাবে কাজের ক্ষতি হয়।
এমন অনেক ঘুমকাতুরে মানুষ আছেন যারা ঘুমের জন্য কাজে যেতে না পেরে দিনের পর দিন নানা যন্ত্রণা ভোগ করেন। তাদের জন্য এবার নতুন অ্যালার্ম অ্যাপ এনেছে মাইক্রোসফট। আপাতত অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য চালু করেছে মার্কিন প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা এ প্রতিষ্ঠান।
কোনো বাটন চেপে বা সোয়াইপ করে বন্ধ করা যাবে না মিমিকার অ্যালার্ম। ঘুম থেকে উঠেছেন তার যথাযথ প্রমাণ দিতে হবে, তবেই বন্ধ হবে অ্যালার্ম। সূত্র- এনডিটিভি।
মিমিকার অ্যাপে অ্যালার্ম সেট করার সময়ই আলাদা তিনটি কাজ নির্ধারণ করে দিতে হবে। নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজলে ওই তিনটি কাজের মধ্যে যে কোনো একটি সম্পন্ন করে ব্যবহারকারীকে প্রমাণ করতে হবে, আর ঘুমিয়ে নেই তিনি। হতে পারে তিনটি গেম নির্ধারণ করেছেন। নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজলে ওই তিনটি গেমের মধ্যে একটি গেম খেলতে হবে, তবেই অ্যালার্ম বন্ধ হবে। অর্থাৎ অ্যালার্ম বন্ধ করে আর ঘুমানোর কোনো পন্থা থাকবে না মিমিকার অ্যালার্ম অ্যাপ গ্রাহকদের।
নির্দিষ্ট একটি মুখভঙ্গি করে সেলফি তুলতে হতে পারে ব্যবহারকারীকে, এমনকি উচ্চারণ করা বেশ কঠিন এমন শব্দও বলতে হতে পারে জোরেসোরে। ব্যবহারকারী বিছানা থেকে উঠেছেন কী না, সেটা নিশ্চিত হওয়ার জন্য ফোনের বিল্টইন সেন্সর ব্যবহার করবে মিমিকার অ্যাপ।
মিমিকার অ্যালার্ম অ্যাপ এরই মধ্যে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে বিনা খরচে।
অন্যান্য অপারেটিং সিস্টেম প্লাটফর্মে অ্যাপটি কবে নাগাদ উন্মুক্ত করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
