গতবছর যে হাতে গোনা কয়েকটি ছবি ব্যবসাসফলতার মুখ দেখেছে; তাদের ভেতরে অন্যতম ছিল ব্ল্যাক মানি। যদিও ছবিটি নিয়ে খানিক সমালোচনার আগুনও পোহাতে হয়েছে ছবির কলাকুশলীদের। তবে কমার্শিয়াল ছবির তকমায় যে মৌসুমী হামিদ সফল সেটিও প্রমানিত হয়েছে এই ছবির মাধ্যমে।
নতুন যে ছবির কাজ শুরু করছেন, সেগুলোর অধিকাংশই হার্ডকোর কমার্শিয়াল মুভি। তাই ফিল্মি ক্যারিয়ারে সুবাতাস ছড়াবেন এমনটাই প্রত্যাশা মৌসুমীর নিজেরও। নিজের সম্পর্কে অকপটেই কথা বলতে ভালোবাসেন তিনি। ইত্তেফাক অনলাইনকে জানালেন,‘আমি খুব সরাসরি কথা বলি বলে আমার শত্রুও অনেক। তবে এগুলো আমি থোড়াই কেয়ার করি। নতুন ছবির সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে অনেকেই কথা বলেন, কিন্তু আমার কথা হলো, দিনশেষে তো ছবিটি দর্শক প্রিয়তা পেয়েছে। এটাই বড় কথা।’
সম্প্রতি মিডিয়াতে বিয়ের হিড়িক প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন,‘দেখুন জন্ম-মৃত্যু-বিয়ে এগুলো তো আর কেউ নিজেরা নির্ধারণ করে না। তাই অন্যের বিয়ে নিয়ে মন্তব্যও করতে চাই না। আমি জীবনে একটাই প্রেম করেছি, একবারই ব্রেকআপ হয়েছে। নতুনভাবে কোনো কিছুই এখন ভাবছি না। কারণ এখন সেই ভাবনার সময় আমার নেই। আপাতত ভালো কিছু কাজ করে যেতে চাই। হাতে কাজ নেই, অথচ নিজের বিয়ের খবরে আলোচনায় এসে লাভ কী?
