রংপুরের মিঠাপুকুরে প্রচণ্ড শীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ ডায়রিয়া। বিশেষ করে নারী ও শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। গত এক সপ্তাহে অর্ধশতাধীক নারী ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি রয়েছে ২০ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রের তথ্য অনুযায়ী গত ১৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি রবিবার পর্যন্ত ২০ জন নারী ও শিশুকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা ১৯ জন। ভর্তি শিশুদের মধ্যে ৭ মাস বয়সী শিশুও রয়েছে। এছাড়া, উপজেলা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত নারী ও শিশুদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে খবর এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, ডায়রিয়া একটি সংক্রামক রোগ। ভাইরাসের কারণে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। রোগীদের ঘনঘন খাবার স্যালাইন এবং ডাবের পানির পাশাপাশি সব ধরনের স্বাভাবিক খাবার দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
