চলচ্চিত্র প্রযোজক কে এম আর মঞ্জুর আর নেই। গতকাল রাতে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি....রাজেউন )
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম আর মঞ্জুরের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র পাড়ায়।
কে এম আর মঞ্জুর ঢাকার প্রখ্যাত সিনেমা হল অভিসারের অন্যতম কর্ণধার, এছাড়া তার নিজস্ব শুটিং স্পট ও ঢাকার ঐতিহ্যবাহী উত্তরা ও ক্যাপিটাল ক্লাবের দীর্ঘমেয়াদী সভাপতি ছিলেন। চলচ্চিত্রের যে কোনো প্রয়োজনে তিনিই সবার আগে এগিয়ে এসেছেন সবসময়। তাই যে কোনো সংকটে শিল্পী বা কলাকুশলীর তার কাছে যেতেন।
জানা যায়, দীর্ঘদিন ধরেই মঞ্জুর হৃদরোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ২:৩০ মিনিটের দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে তাঁর মরদেহ আজ বারডেম হাসাপাতালের হিমাগারে রাখা হবে। আগামী মঙ্গলবার উত্তরা ক্লাবে তার প্রথম জানাজা এবং পরবর্তীতে বিএফডিসিতে তার দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ ঢাকার ডেমরায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কে এম আর মঞ্জুরের সন্তানেরা দেশের বাইরে অবস্থান করায় , তাদের ফেরার অপেক্ষার কারনেই পারিবারিকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ইত্তেফাক অনলাইনকে জানান তার পরিবার।
এ প্রসঙ্গে প্রযোজকের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত বিনোদন সাংবাদিকদের সংগঠন বিসিআরএর সাধারণ সম্পাদক জুটন চৌধুরী বলেন,‘তার মতো পরোপকারী মানুষ এই ইন্ডাষ্ট্রিতে খুব কম। বিনোদন সাংবাদিকদের প্রাণের বন্ধু ছিলেন তিনি। যে কোনো প্রয়োজনে , বা যে কোনো অনুষ্ঠানে তিনি তার পুরনো নতুন বন্ধুদের তিনি স্মরণ করতেন এবং আমন্ত্রন জানাতেন। আজকের এতগুলো বিনোদন সাংবাদিকদের সংগঠনের প্রতিটিকে যে কোনো উদ্যোগ তিনি সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন। শেষ দিকে চলচ্চিত্র প্রযোজনা থেকে বিরত থাকলেও সবসময় চলচ্চিত্রের উন্নয়ন নিয়েই কাজ করে গেছেন। আজ আমরা সত্যিকার অর্থেই একজন বড় অভিভাবককে হারালাম।’
