ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথিকৃত দাদাসাহেব ফালকের নামে সিনেমায় বিশেষ পুরস্কার দিয়ে আসছে তার নামে গড়া ফিল্ম ফাউন্ডেশন। সম্মানজনক এই পুরস্কারের জুরি বোর্ডে থাকছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন ১৬ জানুয়ারি সংগীতশিল্পী রুনা লায়লার কাছে জুরি বোর্ডের মনোনয়নের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে। ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকারের চিঠিতে বলেছেন, আপনার দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে। শনিবার সন্ধ্যায় রুনা লায়লা বলেন, আমি জুরি বোর্ডের সদস্য হতে সম্মতি জানিয়েছি। বাংলাদেশি শিল্পী হিসেবে “দাদাসাহেব ফালকে” পুরস্কার বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে।
আগামী ৩০ এপ্রিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার হলো চলচ্চিত্রে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা। পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল ও ১০ লাখ রুপি। এ পর্যন্ত ভারতের চলচ্চিত্রের কীর্তিমান ব্যক্তিত্বদের মধ্যে অনেকেই ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কানন দেবী, নওশাদ, দিলীপ কুমার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, মান্না দে, লতা মুঙ্গেশকর বেনেগাল প্রমুখ।
