কানাডায় স্কুলে গুলি: কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ১৪:৫৬
কানাডার পশ্চিমাঞ্চলীয় সাসকাচেওয়ান প্রদেশে এক গুলিবর্ষণে চারজন নিহত হওয়ার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে চারটি  খুনের অভিযোগ আনা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে ওই কিশোরের বিরুদ্ধে আরো সাতটি অভিযোগ আনা হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি। 
 
বয়স বিবেচনায় সন্দেহভাজন কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ। শুক্রবার সাসকাচেওয়ানের লা লচে কমিউনিটি স্কুল ও আরেকটি জায়গায় ওই গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। কানাডার প্রত্যন্ত এই শহরটিতে ঘটা এ ঘটনাকে ‘প্রত্যেক অভিভাবকের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার এক সংবাদ সম্মেলনে কানাডার মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কর্মকর্তা গ্রান্ট জার্মাইন জানান, আগামী সপ্তাহে সন্দেহভাজনকে আদালতে হাজির করা হতে পারে। তিনি বলেন, এটি দুঃখের একটি সময় এবং কঠিন সময়। যা ঘটেছে, কোনো শব্দই তার বেদনা ও দুঃখকে লঘু করতে পারবে না। এই ঘটনার ফলাফলে আসছে দিনগুলোও বেশ কঠিন হবে।
 
আরসিএমপি জানায়, সন্দেহভাজন গুলিবর্ষণকারী একটি বাসায় ড্যানি ফন্টেইন (১৭) ও তার ভাই ড্রাইডেন (১৩) কে গুলি করে হত্যা করে। এরপর স্থানীয় কমিউনিটি স্কুলে গিয়ে শিক্ষক আড্যাম উড (৩৫) ও শিক্ষণ সহযোগী ম্যারি জানভিয়ার (২১) কে গুলি করে হত্যা করে। ম্যারি জানভিয়ার লা লচ শহরের ভারপ্রাপ্ত মেয়র কেভিন জানভিয়ারের কন্যা। পরে সন্দেহভাজনকে অস্ত্রমুক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবর্ষণের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। বিবিসি।