সমকামীদের বিয়ের বৈধতার দাবিতে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ অনুষ্ঠি হয়েছে। রবিবার প্রায় ১০ হাজার মানুষ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন। আইন প্রণেতাদের মধ্যে এ বিষয়ে বিতর্কের প্রাক্কালে বিক্ষোভ অনুষ্ঠিত হল। আগামী সপ্তাহে ইতালির পার্লামেন্টে সমকামীদের আইনগত অধিকার নিয়ে বিতর্ক হওয়ার কথা রয়েছে।
এ ধরনের বিয়ের স্বীকৃতিবিরোধী ক্যাথলিক সংগঠনগুলো আগামী শনিবার পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছেন। দেশটির অধিকাংশ জনগণই ক্যাথলিক মতে বিশ্বাসী। সমকামীদের আইনগত স্বীকৃতি নিয়ে গভীর বিভক্তি রয়েছে ইতালির সমাজে।
পশ্চিম ইউরোপে ইতালিই একমাত্র গুরুত্বপূর্ণ দেশ যেখানে সমকামীদের স্বীকৃতি নেই। গত বছর ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত ইতালিতে সমকামীদের যথাযথ আইনগত সুরক্ষা না থাকার কথা জানিয়ে রুল জারি করেছিল। আইনগত সুরক্ষা না থাকায় ইতালি মানবাধিকার লঙ্ঘন করছে বলেও জানিয়েছিল আদালত। সূত্র: বিবিসি
