আবারো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ও তারই রাজ্য গুজরাটের এই রাজনীতিক পরবর্তী তিন বছর এই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ২০১৯ সালে লোকসভা নির্বাচন পরিচলনার দায়িত্ব থাকছে অমিত শাহর ওপর।
সর্বসম্মতভাবে অমিত শাহ রবিবার দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হলেও প্রবীণ নেতাদের অনেকেই দলীয় সদর দপ্তরের এই অনুষ্ঠানে আসেননি। অনুপস্থিতির এই তালিকায় ছিলেন লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশি, যশোবন্ত সিনহার মতো নেতারা; যারা দলে বারবার মোদি-শাহ জুটির বিরোধিতা করে এসেছেন। আদভানি ও যোশি দলের মার্গদর্শক মণ্ডলের সদস্য। দলের অধিকাংশ নেতা, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং রাজ্য নেতারা সকাল থেকেই ভিড় করেন অশোকা রোডের দলীয় কার্যালয়ে।
অমিত শাহর পক্ষে মোট ১৭ দফা মনোনয়ন জমা পড়ে। প্রথমটি জমা দেয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে। তারপর একে একে তার নাম প্রস্তাব করেন রাজনাথ সিং, ভেঙ্কাইয়া নাইডু, অনন্ত কুমার, জয়প্রকাশ নাড্ডার মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতভাবে নির্বাচিত হন ৫১ বছরের অমিত শাহ।
