স্বাস্থ্যখাতে শতভাগ স্বচ্ছতায় অর্থ ব্যয় হবে:স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২২:০৪
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম দাতাদের দেয়া অর্থ শতভাগ স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, স্বাস্থ্যখাতে দাতাদের দেওয়া অর্থ নিয়ে কোন দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
 
রবিবার রাজধানীর লেকশোর হোটেলে বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ আয়োজনে স্বাস্থ্যখাতে বৈশ্বিক অর্থায়ন বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যখাতের মানোন্নয়নে আমরা বিশ্ব ব্যাংকসহ দাতা সংস্থার আরও সহায়তা চাই। তাদের সহযোগিতা ও সরকারের বরাদ্দ এক করে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস, পোলিও মুক্তির সনদসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
 
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরিচালক টিম ইভান্স স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, যতই দক্ষ জনবল থাকুক, ৫০ ডলারের কাজ ১০ ডলার দিয়ে করা সম্ভব নয়। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যখাতে দাতা সংস্থার সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত হেদার ক্রুডেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন পারানিথারন, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন ড. মোস্তাক রাজা চৌধুরী প্রমুখ।