সম্প্রতি ঢাকার সিনেমা হলে মুক্তি পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘আন্ডারকনস্ট্রাকশন’। মুক্তি পাওয়ার পর থেকে ব্যাপক প্রশংসিত হচ্ছে চলচ্চিত্রটি।
আন্ডারকনস্ট্রাকশন সম্পর্কে মন্তব্য করে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘চলচ্চিত্রটিতে নারীর চোখে তার চারপাশ দেখার চেষ্টা করা হয়েছে । কিন্তু ভয় পাবেন না, টিপিক্যাল এনজিও ছবি ও বানায়নি বা কেন্দ্রীয় নারী চরিত্রকে অযাচিত মহান বানানোর কোনো চেষ্টাও সে করেনি।
চলচ্চিত্রটি নিয়ে দেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকেরা তাদের ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন। সে মন্তব্যগুলো গ্রন্থনা করে এখানে তুলে ধরা হলো।
পরিচালক অমিতাভ রেজা বলেছেন, ‘আন্ডারকনস্ট্রাকশন দেখে মনে হয়েছে এমন কারো কথা শুনছি যারা আমার আশেপাশের মানুষ। রুবাইয়াত হোসেন শুধু একটা মানবিক গল্পই বলেননি, একজন দক্ষ কারিগরের মতোই বলেছেন।’
"আন্ডারকনস্ট্রাকশন চলচ্চিত্রের গল্প, চরিত্র আমাদের খুব পরিচিত। কিন্তু আমাদের (পুরুষদের) অবজ্ঞা, অবহেলা ও অজ্ঞতার জন্য সবসময়ই এই জগৎ অন্তরালে থাকে। চলচ্চিত্রকার রুবাইয়াতকে ধন্যবাদ নারীর এই জগৎ সততা, আন্তরিকতার সঙ্গে নান্দনিকভাবে উন্মোচনের জন্য।’ বলেছেন নির্মাতা আকরাম খান।
অনিমেষ আইচ বলেছেন, ‘রুবাইয়াত হোসেনের আন্ডারকনস্ট্রাকশন দেখে মনে অদ্ভুত এক প্রতিক্রিয়া নিয়ে ফিরলাম। আমার কাছে সেটাই ভালো সিনেমা; যেটি দীর্ঘ ভাবনার জন্ম দেয়। যারা নতুন গল্প এবং ভিন্নতর উপস্থাপনা দেখতে ভালোবাসেন, তাদের এই সিনেমাটি ভালো লাগবে।”
গত ২২ তারিখে মুক্তি পেয়েছে আন্ডারনস্ট্রাকশন। স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী ও যমুনা ব্লকবাস্টার-এ চলছে ছবিটি।
সদ্য সমাপ্ত চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা দর্শক পুরস্কার জিতেছে আন্ডার কনস্ট্রাকশন। এ ছাড়াও জুরিদের বিচারে সেরা নারী নির্মাতার চলচ্চিত্র হিসাবে বিশেষ পুরস্কার অর্জন করেছে এটি।
ইতিপূর্বে বিশ্বের শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ অনেকগুলো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে আন্ডার কন্সট্রাকশন।
