এবারের ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি ফরিদপুরে ধারণ করা হয়েছে। আর এর কারণ, এই মাসেই আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ‘ইত্যাদি’র ধারণ উপলক্ষে ফরিদপুরে ছিল উত্সবের আমেজ। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ প্রচণ্ড শৈত্য প্রবাহের মাঝেও আশপাশের রাস্তায়, বিভিন্ন গাছের উপর, নৌকার উপর বসে, নদীর পাড়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে ‘ইত্যাদি’র ধারণ উপভোগ করেন।
সেদিন বর্ণিল আলো ও পল্লীকবির বিভিন্ন অমর সৃষ্টি ‘নকশী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’ আর বিভিন্ন কবিতা দিয়ে সাজানো দৃষ্টিনন্দন মঞ্চে ‘ইত্যাদি’র ধারণ অনুষ্ঠান করা হয়। ‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ২৯ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
