ঘরোয়া ক্রিকেটে দেশের দ্বিতীয় প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসর শুরু হচ্ছে আজ। ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক এই টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে চার ভেন্যুতে। চারটি ভেন্যু হলো- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
আজ প্রথম রাউন্ডের ম্যাচে সিলেটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলছে ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে। রাজশাহীতে বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হচ্ছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দুটি ম্যাচই সকাল সাড়ে নয়টায় শুরু হচ্ছে।
বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগের মতোই এবার প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে গঠন করা হয়েছে বিসিএলের চারটি দল। গত আসর থেকে ছয়জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল দলগুলো। স্কোয়াডের বাকি সদস্যদের ড্রাফট থেকে নিয়েছে তারা। ড্রাফট থেকে দল পাননি মোহাম্মদ আশরাফুল, শাহাদাত হোসেন রাজীব। জাতীয় লিগে আশরাফুল ভালো না করলেও বল হাতে পেসারদের মধ্যে শীর্ষ উইকেটশিকারী ছিলেন শাহাদাত হোসেন।
এবার শীতের মৌসুমেই অনুষ্ঠিত হচ্ছে বিসিএল। তাই উইকেট থেকে পেস বোলাররা ভালো সাহায্য পাবেন বলেই আশা করা হচ্ছে। গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিএলে খেলতে না পারার আফসোসে পুড়ছিলেন শাহাদাত ও তাসকিন আহমেদ।
শাহাদাত বলেন, আমি জাতীয় লিগে ভালো করেছি। সুযোগ পেলে বিসিএলেও ভালো করতাম ইনশাল্লাহ। এখন ফিটনেসসহ বোলিংয়ের দিক থেকে ভালো অবস্থানে আছি। তাছাড়া এবার শীতে খেলা হচ্ছে। উইকেট ভালো থাকবে। নিজেকে প্রমাণ করতে পারতাম। আমার জন্য বড় ক্ষতি হয়ে গেল বিসিএলে দল না পাওয়া।
সাইড স্ট্রেইনে ভুগছেন তাসকিন। রিহ্যাব চলছে তার। বিসিএলের তৃতীয় রাউন্ড থেকে খেলার আশা করছেন তিনি। তাসকিনকে দলে টেনেছে ওয়ালটন মধ্যাঞ্চল। গতকাল মিরপুর স্টেডিয়ামে তরুণ এই পেসার বলেছেন, আশাকরি উইকেট ভালো থাকবে। পেসাররা ভালো করবে বলে আমার আশা। আমি দ্বিতীয় না হলেও তৃতীয় রাউন্ড থেকে খেলার চেষ্টা করবো।
ইত্তেফাক/কেআই
