নোমানের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৩:০০
সম্পদের হিসাব বিবরণীর মামলা বাতিলে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেয়া হয়েছে।
 
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির এই কেন্দ্রীয় সহ-সভাপতির লিভ টু আপিল (আপিলের অনুমতির চেয়ে আবেদন) সোমবার ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।
 
দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি খুরশীদ আলম খান জানিয়েছেন, এর ফলে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। 
 
তিনি বলেন, আপিল বিভাগের আদেশের ফলে ইতিপূর্বে দেয়া স্থগিতাদেশ থাকছে না। এর ফলে নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকা মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই। 
 
আদালতে নোমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।