বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদকে গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়ায় মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টায় গলাচিপা শহরের জৈনপুরী খানকায় প্রথম জানাজার নামাজ পড়া হয়। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ। জানাজার নামাজ পড়ান বড় জামে মসজিদের ইমাম মাওলানা অলিউর রহমান।
এরপর আলতাফ মাহমুদের মরদেহ তার বাড়ি ডাকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার জানাজার নামাজ পড়ার পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
তার নামাজে জানাজায় সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলতাফ মাহমুদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।
