জন্মদিনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীসহ সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন ৮৩ বছরে পা দেয়া আবুল মাল আবদুল মুহিত। প্রবীণ এই রাজনীতিবিদের প্রাণশক্তির প্রশংসা করে একজন মন্ত্রী বয়স উল্টে মুহিতকে তুলনা করেছেন ৩৮ বছরের তরুণের সঙ্গে।
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেয়া এই অর্থমন্ত্রী ‘একাধারে একজন অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা’। টানা সাত বছর বাংলাদেশের বাজেট ঘোষণা করার রেকর্ডও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতের।
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ অর্থমন্ত্রীর জন্মদিনের প্রসঙ্গ বৈঠকে তোলেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। মন্ত্রিসভার অন্য সদস্যরাও শুভেচ্ছা জানান অর্থমন্ত্রীকে।’
খবর বিডিনিউজের।
