বিশ্বকাপের প্রস্তুতিতে পাকিস্তানকে হারাল ভারত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৮:০৯
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সরফরাজ খানের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে হারিয়েছে ভারতের যুবারা। কুয়াশার জন্য ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটে জিতেছে ভারত।
 
সোমবার বিকেএসপির টস জিতে ব্যাট করতে নেমে খলিল আহমেদের মারাত্মক বোলিংয়ে পাঁচ বল বাকি থাকতে ১৯৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৩৬ রান করেন মোহাম্মদ উমর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে হাসান মহসিনের ব্যাট থেকে। পাকিস্তানের আট ব্যাটসম্যান দুই অঙ্কে গেলেও তাদের কেউই নিজেদের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। ৩০ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার খলিল। জবাবে ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
 
২৬ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো ভারতকে পথ দেখান সরফরাজ। ৬৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংসে তিনিই দলকে জয়ের পথে নিয়ে যান। তার এই ইনিংসটি ১২টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।
 
সরফরাজের বিদায়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন ওয়াশিংটন সুন্দর (২৮*) ও মাহিপাল লোমোর (২২*)। পাকিস্তানের মহসিন ও শাদাব খান দুটি করে উইকেট নেন।
 
বিকেএসপির দুই নম্বর মাঠে নেপালকে ৬৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শাম্মু আশানের ৮১ রানের সুবাদে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ২৩০ রান করে দলটি। জবাবে ৪২ ওভার ১ বলে ১৬৫ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস।
 
বিকেএসপির এক নম্বর মাঠে আফগানিস্তানকে ১৩ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে ২১২ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। সর্বোচ্চ ৬৮ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। ৩০ রানে ৫ উইকেট নিয়ে লক্ষ্যটা ধরা ছোঁয়ার মধ্যে রাখেন আফগানিস্তানের জহির খান।
 
জবাবে ৪৭ ওভার ৩ বলে ১৯৯ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান করিম জানাত। তিনটি করে উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের জয়ে দারুণ অবদান রাখেন রাচিন রবিন্দ্র (৩/৩২) ও অনিকেত পারিখ (৩/৩৪)।
 
বিকেএসপির তিন নম্বর মাঠে আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে কানাডা।
 
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।