প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে হাত ভেঙে যাবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৮:৩৭
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন, আসছে এসএসসি পরীক্ষায় কেউ প্রশ্ন ফাঁস করলে তাদের হাত ভেঙে যাবে। 
 
১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা উপলক্ষে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয়ার পাশাপাশি প্রশ্ন ফাঁসের গুজবে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি।
 
প্রশ্ন ফাঁসের সব সুযোগ বন্ধ করারে দাবি করে নাহিদ বলেন, দেশবাসীর প্রতি এই মেসেজ পৌঁছে দিতে চাই- প্রশ্ন পাবেন, (প্রশ্ন) ফাঁস হবে, নকল করতে পারবেন- এই আশায় বসে থাকবেন না, তাহলে বিপদে পড়বেন, সর্বনাশ হয়ে যাবে।
 
শিক্ষার্থীদের প্রতি অনুরোধ- মিথ্যার পিছনে ছুটো না, ক্ষতিগ্রস্ত হবে। আশা করব, আমাদের ছেলে-মেয়েরা বিভ্রান্ত হবে না, অভিভাবক-শিক্ষকরা সেভাবে প্রস্তুত করুন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৬৯ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
 
প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে নাহিদ বলেন, যারা ফটোকপি করে বিলি (প্রশ্ন) করেন, দয়া করে এখানে হাত দেবেন না, আমাদের যথেষ্ট শক্তি এবং জনবল গড়ে উঠেছে। যিনি হাত দেবেন, হাত পুড়ে বা ভেঙে যাবে। এখান থেকে রেহাই পাবে না। আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি।
 
গত কয়েক বছরের কয়েকটি পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর তা নিয়ে শিক্ষাবিদরা সমালোচনা করলেও শিক্ষা মন্ত্রণালয় বারবারই গুজব বলে তা নাকচ করে।