বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী নতুন করে ইতিহাস রচনা করা হচ্ছে। আর এসবের জন্য ক্ষমতাসীনরা উচ্চ আদালত থেকে নির্দেশনাও জারি করছে যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের অনেকেই তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে ছিলেন। কিন্তু তত্ত্ববধায়ক সরকার শুধু মাত্র একজনের ইচ্ছায় বাতিল করে সংবিধান সংশোধন করা হয়েছে। কারণ শেখ হাসিনা জানতেন, এ সরকার ব্যবস্থা থাকলে তিনি চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।’
আয়োজক সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জিয়াউর রহমান, সংগঠনের মহা-সচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
