নতুন ডেটা সেন্টার বানাচ্ছে ফেসবুক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২১:৫৬
আয়ারল্যান্ডের ক্লোন-এ নতুন একটি ডেটা সেন্টার চালু করছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেসবুক। সোমবার  ‘ইইউ-২’ নামের ওই ডেটা সেন্টার চালুর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ।
 
বিশ্বে এটি ফেসবুকের ষষ্ঠ আর ইউরোপিয়ান ইউনিয়নে দ্বিতীয় ডেটা সেন্টার হতে যাচ্ছে।
 
সামাজিক যোগাযোগের সাইটটিতে ক্রমবর্ধমান ছবি, ভিডিও আর লাইক ব্যবস্থাপনায় এই ডেটা সেন্টার বানানো প্রয়োজনীয় হয়ে পড়েছিল বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।
 
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই ঘোষণায় জাকারবার্গ বলেন, ‘আমি গর্বের সঙ্গে জানাতে চাই ফেসবুকের ষষ্ঠ ডেটা সেন্টার এখন আয়ারল্যান্ডের ক্লোন-এ নির্মাণাধীন। সুইডেনের লুলিয়া-এর পরে ইউরোপিয়ান ইউনিয়নে এটি আমাদের দ্বিতীয় ডেটা সেন্টার হবে।’
 
ডেটা সেন্টারগুলো আপনাদের ফেসবুকের সব সেবা সরবরাহ করে। এগুলো সবচেয়ে জটিল যন্ত্রগুলোর মধ্যে কয়েকটি।
 
নতুন ওই ডেটা সেন্টারের বৈশিষ্ট্য নিয়ে তিনি বলেন, ক্লোন ডেটা সেন্টার বিশ্বের অন্যতম উন্নত ও শক্তি সাশ্রয়ী ডেটা সেন্টার হবে। এতে অত্যাধুনিক সার্ভার, স্টোরেজ আর ‘ওপেন কম্পিউট প্রজেক্ট’-এর মাধ্যমে বানানো নেটওয়ার্ক ডিজাইন থাকবে। আর এটি শতভাগ পুনঃনবায়নযোগ্য শক্তি ব্যবহার করে চলবে।
 
প্রকৌশল ব্যবস্থায় একটি মজার দিক হচ্ছে, আমরা বাইরের বাতাস দিয়েই পুরো জায়গাটি ঠাণ্ডা রাখবো, কিন্তু এটি আইরিশ সাগরের কাছে হওয়ায় আমরা বাতাস থেকে লবণ ফিল্টার করতে একটি আলাদা শীতলীকরণ প্রক্রিয়া ব্যবহার করব।
 
আয়ারল্যান্ডে নতুন ওই ডেটা সেন্টার নিয়ে খুব আনন্দিত জাকারবার্গ। তিনি বলেন, আয়ারল্যান্ডে বিনিয়োগের মাধ্যমে ক্লোন কমিউনিটির অংশ হতে পেরে আর আমাদের সারা বিশ্বের কমিউনিটিকে সংযুক্ত করতে বিশাল ওই অবকাঠামো বানাতে পেরে আমরা আনন্দিত।