ওপার বাংলায় ‘লালজমিন’

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ০২:২৯
ভারতের বালুরঘাট নাট্য মন্দিরে আগামীকাল সন্ধ্যায় মঞ্চায়িত হবে শুন্যনের নাট্য প্রযোজনা ‘লালজমিন’। বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত নাট্য মেলায় অংশ নিতে গত রবিবার ভারত গেছে ‘লালজমিন’ নাটকের কলাকুশলীরা।
 
তের পেরিয়ে চৌদ্দ বছর ছুঁই ছুঁই এক কিশোরী কন্যার গল্প ‘লালজমিন’। কিশোরীর দু’চোখ জুড়ে মানিক বিলের আটক লাল পদ্মের জন্য প্রেম। সে কৈশরেই শোনে বাবা-মায়ের মধ্যরাতের গুঞ্জন। শুধু দু’টি শব্দ কিশোরীর মস্তকে আর মনে জেগে রয়, মুক্তি-স্বাধীনতা। ওই বয়সে কিশোরী এক ছায়ার কাছ থেকে প্রেম পায়। বাবা যুদ্ধে চলে যায়। অগোচরে কিশোরী নানা কৌশলে যুদ্ধে যাওয়ার আয়োজন করে, সশস্ত্র যুদ্ধ। কিন্তু বয়স তাকে অনুমোদন দেয় না। এক পর্যায়ে কিশোরীর সেই ছায়াপ্রেম সম্মুখে দাঁড়ায়। সে তার সেনাপতিকে চিনতে পারে। তারপর যুদ্ধ যাত্রা। ‘লাল জমিন’ কিশোরীর রক্তরাঙা অভিজ্ঞতার মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ।