জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের (আইএস) স্থানীয় শাখা এবং আফগান সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষ হওয়ার পর আইএসকে “কবর” দেয়ার প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দাভোসে সুইস স্কি রিসোর্টে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক সাক্ষাত্কারে একথা বলেন ঘানি। এছাড়া তালেবানের সাথে শান্তি আলোচনা আরম্ভ না হলে পুরো অঞ্চলে সহিংসতা ঘনীভূত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সাক্ষাত্কারে আফগান প্রেসিডেন্ট ঘানি বলেন, আইএস তার দেশের কোনো বিষয় নয়। এর নৃশংস কর্মকাণ্ডে জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আফগানরা এখন প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে গেছে। তারা আসলে ভুল মানুষদের সাথে সংঘর্ষে নেমেছে—বলেন ঘানি। এসময় তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আইএস বিরোধী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এখানে অস্বীকার করার অবকাশ নেই, আমরা খুব ঝুঁকির মধ্যদিয়ে যাচ্ছি। তিনি বলেন, এ অঞ্চল আদি থেকেই বৈরীভাবাপন্ন। এখানে আঞ্চলিক ঐকমত্য প্রতিষ্ঠায় আমি অনেক প্রচেষ্টা চালিয়েছি। এদিকে আফগানিস্তানে আইএসের শাখা রয়েছে বলে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
দপ্তর জানায়, গতবছর জানুয়ারিতে দলটি গঠন করা হয়েছে এবং পাকিস্তানি ও আফগান তালেবান নিয়ে গঠিত হয়েছে।
