কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৩:১৩
কুমিল্লার দাউদকান্দিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী, মেয়েসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
 
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম মুঠো ফোনে জানান, ঢাকাগামী প্রাইভেটকারটি মহাসড়কের টামটায় পৌঁছলে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। 
 
নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ঢাকার জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল বারী চৌধুরী (৪৫), তার স্ত্রী (৩৫), মেয়ে (৭) ও কাজের মেয়ে (১৩)। ওই দুর্ঘটনায় মারাত্মক আহত তাদের অপর মেয়ে (৫) ও ছেলেকে (৩) স্থানীয় গৌরিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 
 
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের সবার বাড়ি বগুড়ার সদর উপজেলায়।