নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৩:২৬
 
নিখোঁজের ছয়দিন পর ঢাকার দোহার উপজেলায় আবদুর রহিম (৩০) নামে এক যুবক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পদ্মা নদীর ইসলামপুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত আবদুর রহিম দোহার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শেখ আলমের ছেলে।
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে আবদুর রহিম বাড়ি থেকে বাজারে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে পদ্মানদীর ইসলামপুরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। গিয়ে লাশটি উদ্ধার করে।
 
নিহতের স্ত্রী সাহেরা বেগম বলেন ,আমার স্বামী গত বৃহস্পতিবার বিকালে বাসা  থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
 
দোহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। দুপুরে সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।