ফুলবাড়ীতে ডোবা থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৩:০২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবা থেকে আমিনুল ইসলাম (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে চৌরাস্তার মোড়ের একটি কালভার্টের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। 

ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য আমিনুল ইসলাম মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত থানায় ডিউটি করেছিলেন। এরপর তিনি ব্যক্তিগত কাজে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে গিয়েছিলেন। তবে ঠিক কি কারণে গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি থানা পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

নিহত কনেস্টবল আমিনুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত কাজী জলিলুর রহমানের ছেলে। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং গত এক বছর থেকে তিনি ফুলবাড়ী থানায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক বলে জানা গেছে। 

পরে রাত সাড়ে ৩টায় ফুলবাড়ী থানায় নামাজে জানাজা শেষে তার লাশ কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘ভারতের মুসলিমরা যেন ভাড়াটিয়া’

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানীর কাছে পুলিশ সদস্য আমিনুল ইসলামের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি চিকিৎসকের বরাত দিয়ে বলেন, হার্ট এটার্কে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, নিহত পুলিশ সদস্যের লাশ কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

ইত্তেফাক/কেআই