স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা ও অন্যান্য পারিতোষিক বৃদ্ধির পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে।
মঙ্গলবার সংসদে স্বতন্ত্র সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারি দলের সদস্য সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনে হোল্ডিং নম্বরের সাথে নাগরিক সেবা নিশ্চিত, ট্যাক্স আদায় ও কর ফাঁকি রোধকল্পে একটি অভিন্ন ইনডেক্স নম্বর চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন আরবান পাবলিক অ্যান্ড হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ৭টি সিটি কর্পোরেশনের হিসাব ও রাজস্ব বিষয়ক কার্যক্রম অটোমেশন করার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রের কারিগরি মূল্যায়ন সমাপ্ত করে উন্নয়ন সহযোগী এডিবি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এডিবির অনুমোদনপ্রাপ্তির পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এই সাতটি সিটি করপোরেশনের নাগরিকরা এর আওতাধীন হবেন বলে মন্ত্রী জানান।
