অপকর্মকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে: ঢাবি ভিসি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:৩৮

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘কেউ অন্যায়-অপকর্মে যুক্ত হলে ‘জিরো টলারেন্স’-এর ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কলা এবং চারুকলা অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
 
ভিসি বলেন, অপরাধীকে তার অপরাধের শাস্তি দিতেই হবে। তা না হলে সমাজে অপরাধের প্রবণতা বেড়ে যাবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাল মানুষ হিসাবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, চমত্কার একাডেমিক রেজাল্ট দেশের কোন কাজে আসবেনা। একাডেমিক রেজাল্টের সাথে সাথে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে হবে।
 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় ১৬জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে করা হয়েছে। তারা সবাই রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থী কাজ করায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।