চট্টগ্রামে প্রসূতি মৃত্যুর মামলায় ২ চিকিৎসকের জামিন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:৫৪
চট্টগ্রামে 'ভুল চিকিৎসা ও অবহেলায়' প্রসূতি মৃত্যুর অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন দুই চিকিৎসক।
 
জামিনপ্রাপ্ত চিকিৎসক শামীমা সিদ্দিকী রোজী ও তার স্বামী মাহবুবুল আলম দুজনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
 
চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম পাঁচ হাজার টাকার বন্ডে মঙ্গলবার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
 
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বলেন, বিকাল ৩টায় ওই চিকিৎসক দম্পতি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে পাঁচ হাজার টাকার বন্ডে আইনজীবীর জিম্মায় তাদের জামিন দেয়া হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।
 
চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে 'ভুল চিকিৎসা ও অবহেলার' অভিযোগে করা দুই মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসকদের ধর্মঘট স্থগিতের দুদিনের মধ্যেই জামিন পেলেন তিন চিকিৎসক।