খালেদা জিয়ার বাসার ফটকে আদালতের সমন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২১:৫৯
রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের জারি করা সমন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র ফটকে সেঁটে দেয়া হয়েছে।
 
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন কর্মচারী মঙ্গলবার সন্ধ্যায় সমনটি নিয়ে খালেদার বাসায় আসেন বলে সেখানকার এক নিরাপত্তারক্ষী জানান।
 
তিনি বলেন, বাসার কেউ নোটিশটি গ্রহণ না করায় আদালতের বার্তাবাহক জাবিদ হোসেন বাচ্চু সেটি গেটের ডান পাশে সেঁটে দিয়ে যান। ওই নোটিশে আগামী ৩ মার্চ খালেদাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
 
গুলশান থানার একজন পুলিশ সদস্যও আদালতের বার্তাবাহকের সঙ্গে ছিলেন বলে ওই নিরাপত্তাকর্মী জানান।
 
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে এক মন্তব্য নিয়ে সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা করেন আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী। মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা।
 
তার অভিযোগ আমলে নিয়ে খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে নিজের ব্যাখ্যা দিতে বলেছেন এক মহানগর হাকিম।
IMG0
গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’
 
ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি গণজাগরণ মঞ্চ ও ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে খালেদা জিয়ার ওই বক্তব্যের সমালোচনা এসেছে।