ফ্রান্সে পারমাণবিক বর্জ্য স্থাপনায় পাথর ধসে নিহত ১

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১০:৩৬
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে পারমাণবিক বর্জ্য রাখার একটি স্থাপনায় পাথর ধসে একজন নিহত হয়েছেন। বিবিসি বলছে, বুধবার সকালের এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
 
জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানী প্যারিস থেকে ২২৩ কিলোমিটার পূর্বে বুরে-তে পাহাড় থেকে বিশাল পাথরের একটি অংশ আকস্মিক ধসে পড়লে বর্জ্য স্থাপনার একটি টানেলে থাকা ওই দুইজন আহত হন। এ সময় সেখানে কোনো পারমাণবিক বর্জ্য ছিল না বলে জানান তারা। ঘটনাস্থল থেকে স্থাপনাকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হচ্ছে।
 
ভূগর্ভে তেজস্ক্রিয় বর্জ্য রাখার জন্য স্থাপনাটিতে পরীক্ষা চালানো হচ্ছিল। পরমাণু শক্তি ব্যবহার করে ফ্রান্সের বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন করা হয়। এসব পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের সবচেয়ে বিপজ্জনক বর্জ্য উপদানগুলো রাখার জন্য বুরের ভূগর্ভস্থ গুদামটি তৈরি করা হচ্ছে। ২০২৫ সালে এই প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি এখনো সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিবিসি।