বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের রাজত্বের এই যুগে এমন যুগল খুঁজে পাওয়া দুষ্কর যারা সেলফি তোলেন না। বর্তমানে সেলফি শুধু শখের বশেই তোলা হয় না, বরং তা প্রিয় মানুষের সাথে কাটানো সময়ের স্মৃতি ধরে রাখার অংশ হিসেবেও তোলা হয়। আর সেলফি তুলে এখন তা বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করা হয় ইনস্টাগ্রামে।
তবে ইনস্টাগ্রামে পোস্ট করা সেলফি প্রেমের সম্পর্কের জন্য ক্ষতিকর, এতে যুগলের মধ্যে জন্ম নেয় নানান জটিলতা! সম্প্রতি এই তথ্য দিয়েছেন একদল গবেষক। সূত্র- হিন্দুস্তান টাইমস।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক নতুন এক গবেষণার বরাত দিয়ে জানিয়েছেন, ইনস্টাগ্রামে আপলোড করা সেলফি ভালোবাসার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে থাকে!
গবেষকদের মতে, একজন মানুষের ইনস্টাগ্রামে সেলফি পোস্টের পরিমাণের নিরিখে তার রোমান্টিক সম্পর্কে বিবাদের আশঙ্কা বেড়ে যায়। অর্থাৎ যত বেশি সেলফি পোস্ট করা হয় তত বেশি বিবাদের আশংকা বেড়ে যায়।
ইনস্টাগ্রামে সেলফি পোস্ট করার পূর্বাভাস আর ফলাফল কী হয় তা নিয়ে গবেষণা চালান ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ওই গবেষকদল। এতে ৪২০ জন ইনস্টাগ্রাম ব্যবহারকারী অংশগ্রহণ করেন।
