চলতি বছরের মার্চে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি হবে পানি ও ধুলা নিরোধক। ফোনটিতে কালো, সাদা, রুপালি আর সোনালি রঙের কেসিং থাকবে। এর ক্যামেরা দিয়ে অল্প আলোতেও ভাল ছবি তোলা যাবে।
এসব তথ্য জানিয়েছেন খোদ দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মী। তার বরাত দিয়ে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম বলছে, গ্যালাক্সি এস৭ স্মার্টফোনে এফ/১.৭ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এর লেন্স আরও উন্নত ও নতুন ক্যামেরা সেন্সরও যোগ করেছে স্যামসাং।
ওই ব্যক্তি সত্যিই স্যামসাং কর্মী কি না এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গ্যালাক্সি এস৭ এর ফাঁস হওয়া তথ্যের সাথে তার বক্তব্যের মিল পাওয়ায় তাকে আমল দেয়া হচ্ছে বেশি।
স্মার্টফোন বাজারের শীর্ষস্থান ফিরে পেতে গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা করছে স্যামসাং। আর এ নিয়ে কিছু দিন পর পরই নতুন তথ্য ফাঁস হচ্ছে অনলাইনে। অথচ, এ ব্যাপারে মুখে কুলূপ এঁটে রেখেছে স্যামসাং কর্তৃপক্ষ।
গত বছরের ডিসেম্বরে গিজমো চায়নার ফাঁস করা তথ্যে দাবী করা হয়, দুই ধরনের ডিসপ্লে সংস্করণে বাজারে আসবে গ্যালাক্সি এস৭। এর মধ্যে একটি হবে ৫.২ ইঞ্চির ফ্লাট স্ক্রিন সংস্করণ, যার নাম গ্যালাক্সি এস৭। আর অন্যটি হবে ৫.৫ ইঞ্চির কার্ভড ডিসপ্লে সংস্করণ, যার নাম গ্যালাক্সি এস৭ এজ।
IMG0
সমসাময়িক সময়ে কিছু সংবাদ মাধ্যম দাবী করে, ডিভাইসটিতে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোজ ৮৮৯০ চিপসেট ব্যবহার করা হবে। আবার কিছু কিছু সংবাদ মাধ্যম দাবী করে, এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি ব্যবহার করা হবে।
এদিকে, স্যামমোবাইল তখন দাবী করে, গ্যালাক্সি এস৭ দুটি প্রসেসর সংস্করণে আসবে। এর মধ্যে এক সংস্করণে এক্সিনোজ ৮৮৯০ চিপসেট ব্যবহার করা হবে এবং অপর সংস্করণে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি ব্যবহার করা হবে।
ডিসেম্বর মাসের শুরুর দিকে কোরিয়ান টাইমসের এক প্রতিবেদনে দাবী করা হয়, ডিভাইসটিতে মেটাল ও গ্লাসের সমন্বিত ডিজাইন ব্যবহার করা হবে।
ওই সময় স্যামমোবাইল জানায়, গ্যালাক্সি এস৭ –এ নেক্সাস ৬পি, এলজি নেক্সাস ৫এক্স এবং ওয়ানপ্লাস ২ এর মতো টাইপ-সি ইউএসবি এবং মাইক্রোএসডি স্লট থাকবে।
গত বছরের অক্টোবর মাসে এক্সট্রিম টেক নামের এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গ্যালাক্সি এস৭ –এ থ্রিডি টাচ প্রযুক্তি থাকবে, যা ফোর্স টাচের মতই কাজ করবে। এছাড়াও ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে। এতে ম্যাগনেশিয়াম আলয়ের বডি থাকবে, যা অনেক শক্ত এবং হালকা হবে।
অক্টোবর মাসের শেষ দিকে বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ‘ব্রাইটসেল’ নামের একটি ইমেজ সেন্সর তৈরি করেছে স্যামসাং। এই ইমেজ সেন্সর ক্যামেরায় ব্যবহার করে অল্প আলোতেও ঝকঝকে ছবি পাওয়া যাবে। এই বাইটসেলের উচ্চতা ৫ মিলিমিটার। এটি গ্যালাক্সি এস৭ -এ ব্যবহার করা হবে।
