কোস্টারিকায়ও ছড়াচ্ছে জিকা ভাইরাস

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১২:৩৯
 মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের কারণে অপরিণত মস্তিষ্কের শিশু জন্মের ঘটনা বেড়ে যাচ্ছে।
 
স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, কলাম্বিয়া থেকে ফেরার পর ২৫ বছর বয়সী এক লোকের ডাক্তারি পরীক্ষায় তার শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। কলাম্বিয়ায় ১১ হাজারেরও বেশি লোক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মশার কারণে এ রোগ ছড়ায়। জিকা ভাইরাসের উৎপত্তি আফ্রিকায়। গত বছর এটা লাতিন আমেরিকায় ছড়ায়। জিকা ভাইরাসের কারণে শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত, অস্বাভাবিক জন্ম ও এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোববার সতর্ক করেছে, কানাডা ও চিলি ছাড়া আমেরিকা মহাদেশের সব দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, আমেরিকা মহাদেশের ৫৫ দেশ ও ভূখণ্ডের মধ্যে এখন পর্যন্ত ২১ টিতে এই ভাইরাস ছড়িয়েছে। কোস্টারিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্ত ব্যক্তি রাজধানী সান জোসের নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ওই এলাকা থেকে মশা তাড়াতে একটি দল সেখানে পাঠানো হয়েছে যাতে কোন মশা তাকে কামড় দিয়ে অন্য কারো শরীরে এই ভাইরাস না ছড়াতে পারে। এএফপি।