বর্জ্য শোধনাগার চালু না করলে কারখানা বন্ধ: নৌমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৪:৩৪
 
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, যেসব শিল্প কারখানায় ইটিপি থাকা সত্ত্বেও তা চালু রাখা হয় না সেগুলো বন্ধ করে দিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর নৌমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
 
শাহজাহান খান বলেন, যেসব কারখানায় ইটিপি নেই সেগুলোকে সময় বেঁধে দিয়ে ইটিপি বসাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি না বসালে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।
 
তিনি বলেন, নদী দূষণ যেন না হয় সেজন্য শিল্প কারখানায় ইটিপি করা দরকার। অনেকে ইটিপি করলেও তা চালু রাখে না। জরিমানা করেও এর সমাধান হচ্ছে না।
 
নৌমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত করতে সম্ভবতা যাচাই করে একটি প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নৌ মন্ত্রণালয়ের নেতৃত্বে বিআইডব্লিউটিএ এই প্রকল্প বাস্তবায়ন। সব কাজ শেষে এই প্রকল্প হাতে নিতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে।
 
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এই সভায় উপস্থিত ছিলেন।